logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ৩০ জুলাই ২০২৬ ১২:২৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১২:২৩ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ জুলাই ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রামে অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি রুবেল মিয়া প্রকাশ লেখন মিয়ার বাড়ি ঘেরাও করে রুবেল মিয়া (৪১)-কে গ্রেপ্তার করা হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে তার বড় ভাই আব্দুল মতিন লেখন মিয়া পালিয়ে যায়।


গ্রেপ্তারকৃত রুবেল মিয়ার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া স্বীকার করেন, তিনি তার পলাতক ভাইয়ের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজের কাছে রেখেছিলেন।


এছাড়াও ডিবির অপর একটি অভিযানে আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) ও মজনু মিয়া (৪২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আব্দুর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে বারান্দায় রাখা চৌকির নিচ থেকে ১ কেজি গাঁজা এবং মজনু মিয়ার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাও বিক্রয়ের উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছেন।


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তারকৃত রুবেল মিয়া প্রকাশ লেখন মিয়া (৪১)-এর বিরুদ্ধে পূর্বে ৪টি মামলা, পলাতক আসামি মো. আব্দুল মতিন প্রকাশ লেখন মিয়া (৫৫)-এর বিরুদ্ধে ২টি মামলা এবং গ্রেপ্তারকৃত আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩)-এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি।


এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


মাদক নিয়ন্ত্রণে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16665
Page of