logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ জুলাই ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে ধর্ষণচেষ্টা ও ছিনতাইয়ের পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
জকিগঞ্জে ধর্ষণচেষ্টা ও ছিনতাইয়ের পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ জকিগঞ্জ থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে। বুধবার (২৯ জুলাই) পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজ নিজ অবস্থান তুলে ধরে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তারা। পুলিশ জানিয়েছে, অভিযোগ দুটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ সম্মেলনে জাহানারা বেগম অভিযোগ করেন, একই এলাকার মো. ওয়াসিম আকরাম সাহান দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার দাবি, গত ২৮ জুলাই গভীর রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওয়াসিম আকরাম সাহান তার বসতঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।


তিনি আরও অভিযোগ করেন, পরদিন থানায় লিখিত অভিযোগ দিতে জকিগঞ্জ বাজারে গেলে একটি কম্পিউটারের দোকানে প্রবেশ করে অভিযুক্ত তাকে লোহার রড দিয়ে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও থানায় জমা দিয়েছেন বলে জানান তিনি।


জাহানারা বেগমের দাবি, অভিযুক্ত নিজেকে জুলাই আন্দোলনের গেজেটভুক্ত যোদ্ধা, সাংবাদিক ও ব্যবসায়ী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছিলেন। এসবের প্রতিবাদ করায় তার দিনমজুর স্বামীকে পরিকল্পিতভাবে একটি চুরির মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


সংবাদ সম্মেলনে উপস্থিত তার ভাসুর আসুক আহমদ দাবি করেন, ঘটনার রাতে তিনি ছোট ভাইয়ের ঘর থেকে ওয়াসিম আকরাম সাহানকে বের হয়ে যেতে দেখেছেন।


অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে মো. ওয়াসিম আকরাম সাহান অভিযোগ করেন, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের উত্তর পাশের ব্রিজসংলগ্ন আটগ্রাম-জকিগঞ্জ সড়কে যাওয়ার সময় পূর্ব বিরোধের জেরে জাহানারা বেগমসহ কয়েকজন তার চলন্ত রিকশার গতিরোধ করে মারধর করেন। এ সময় তার মানিব্যাগ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, একটি এটিএম কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, সম্প্রতি পাশের বাড়ির বাসিন্দা এমরান আহমদের বাড়িতে সংঘটিত চুরির ঘটনার মামলাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে। তার দাবি, ওই মামলার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং অপর একজন এখনও পলাতক রয়েছেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত চুরির মামলার বাদী এমরান আহমদও অভিযোগ করেন, চুরির ঘটনার পর থেকেই ওয়াসিম আকরাম সাহানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।


এ বিষয়ে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন, “সাম্প্রতিক চুরির ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে উভয় পক্ষের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের সত্যতা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16657
Page of