পেকুয়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: গ্রিল কেটে ঢুকে জিম্মি করে লুট, আহত ২
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ঘরের জানালার গ্রিল কেটে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় গৃহবধূ ও তার ভাসুর গুরুতর আহত হন। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা নগদ ৫ লাখ টাকা এবং প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সৌদি প্রবাসী আমির হোসেনের স্ত্রী রোজিনা আক্তার (৪৫) এবং তার বড় ভাই জাকের হোসেন (৬৫)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত বাড়ির সিঁড়ির পাশের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা দরজা ভেঙে শয়নকক্ষে ঢুকে গৃহবধূ রোজিনা আক্তারকে জিম্মি করে আলমারির চাবি দাবি করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা লোহার ভারী বস্তু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে।
রোজিনা আক্তার জানান, তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে সিঁড়ির দিক থেকে বিকট শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে দেখেন কয়েকজন ব্যক্তি জানালার গ্রিল কাটছে। আতঙ্কিত হয়ে তিনি রান্নাঘরের দরজা খুলে পাশের বাড়িতে থাকা ভাসুরকে ডাকতে গেলে ৩ থেকে ৪ জন ডাকাত রান্নাঘরের দরজা দিয়ে ঘরে ঢুকে তাকে জিম্মি করে। তিনি বলেন, ডাকাতদের সবার মুখে মুখোশ ছিল এবং ঘরের বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল। পরে তারা নগদ ৫ লাখ টাকা ও প্রায় এক ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে পাশের বাড়ি থেকে ছুটে আসেন জাকের হোসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ডাকাতদের একজনকে আটকানোর চেষ্টা করলে অন্য সদস্যরা লোহার খুন্তি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনিও গুরুতর আহত হন।
আমির হোসেনের ভাতিজি ও প্রতিবেশী ইসমত আরা কলি বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলেও ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ সামনে এগিয়ে যেতে পারেননি। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও তিনি জানান।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতদল প্রায় আধা ঘণ্টা ধরে বাড়িতে অবস্থান করে নির্বিঘ্নে লুটপাট চালায়।
আমির হোসেনের নিকট আত্মীয় মিজবাহ জানান, ঘটনাটি থানায় লিখিতভাবে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করবে বলে জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পেকুয়ার আবদুল হামিদ সিকদারপাড়ায় ডাকাতির একটি ঘটনার বিষয়ে তিনি অবগত রয়েছেন। তবে টইটং ইউনিয়নের এ ঘটনার বিষয়ে তখনও তাঁর কাছে কোনো তথ্য পৌঁছেনি। তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।