logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ জুলাই ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর হিসেবে ইতিহাস গড়া ইছমাইলের নতুন সাফল্য

লিডস ইউনিভার্সিটি থেকে ‘পলিটিক্স’-এ ব্যাচেলর ডিগ্রি অর্জন বিশ্বনাথের কৃতি সন্তান ইছমাইল উদ্দিনের

লিডস ইউনিভার্সিটি থেকে ‘পলিটিক্স’-এ ব্যাচেলর ডিগ্রি অর্জন বিশ্বনাথের কৃতি সন্তান ইছমাইল উদ্দিনের
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
লিডস ইউনিভার্সিটি থেকে ‘পলিটিক্স’-এ ব্যাচেলর ডিগ্রি অর্জন বিশ্বনাথের কৃতি সন্তান ইছমাইল উদ্দিনের

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া: যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর (সাবেক) এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান ইছমাইল হোসেন সিরাজী উদ্দিন লিডস ইউনিভার্সিটি থেকে ‘পলিটিক্স’ বিষয়ে সর্বোচ্চ সম্মানসহ ব্যাচেলর অব আর্টস (BA) ডিগ্রি অর্জন করেছেন।


গত ২৪ জুলাই লিডস ইউনিভার্সিটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বাবা-মায়ের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ ডিগ্রি গ্রহণ করেন।


২০০৪ সালের ১৪ জুলাই যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শহরে জন্মগ্রহণ করেন ইছমাইল উদ্দিন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার পৌরসভার কারিকোনা গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা মো. জমির উদ্দিন এবং আছমা খাতুন দম্পতির জ্যেষ্ঠ পুত্র। ছয় ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।


ছোটবেলা থেকেই মেধা ও নেতৃত্বগুণের পরিচয় দেওয়া ইছমাইল শিক্ষাজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি হ্যানসন একাডেমির ডেপুটি হেড বয়, ডিক্সনস সিক্সথ ফর্মের প্রথম প্রেসিডেন্ট এবং পরবর্তীতে লিডস ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।


শিক্ষাজীবনের পাশাপাশি তিনি মানবিক বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখেন। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের পক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আয়োজিত সমাবেশে তার বক্তব্য ব্যাপক প্রশংসিত হয় এবং তরুণ নেতৃত্ব হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।


মাত্র ১৯ বছর বয়সে, ২০২৪ সালে, যুক্তরাজ্যের মূলধারার একাধিক রাজনৈতিক দল তাকে কাউন্সিলর পদে মনোনয়ন দিতে আগ্রহ প্রকাশ করলেও তিনি কোনো দলের মনোনয়ন গ্রহণ না করে ব্রাডফোর্ড ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থেকে বোলিং অ্যান্ড বার্কারএন্ড ওয়ার্ডে নির্বাচন করে বিপুল ভোটে সিটি অব ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশি কাউন্সিলর হিসেবে ইতিহাস গড়েন। তিনি ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।


পরবর্তীতে নির্বাচনী এলাকার মানুষের আগ্রহ থাকা সত্ত্বেও ব্রিটিশ সরকারের সিভিল সার্ভিসে পলিসি ডিপ্লোম্যাটিক পদে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় তিনি পুনরায় কাউন্সিলর নির্বাচনে অংশ নেননি।


ইছমাইল উদ্দিনের পরিবারের অন্যান্য সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। তার বড় বোন একজন ইমিগ্রেশন আইনজীবী এবং অপর দুই বোন মেডিকেল শিক্ষার্থী।


নিজের এ অর্জনের জন্য ইছমাইল উদ্দিন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বাবা-মায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অন্যদিকে, তার পিতা কমিউনিটি নেতা মো. জমির উদ্দিন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁর সন্তান যেন ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও বাংলাদেশের সুনাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করতে পারে, সে জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16641
Page of