দক্ষিণ সুরমায় র্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া ৩ টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশের লুট হওয়া ৩টি টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতের অভিযানে গ্রেনেডগুলো উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সেখানে তল্লাশি চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে অবিস্ফোরিত অবস্থায় ৩টি টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া টিয়ার গ্যাস গ্রেনেডগুলো বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আলামতের অংশ। তবে ঘটনাস্থল থেকে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে র্যাব-৯ তদন্ত অব্যাহত রেখেছে।
র্যাব-৯ আরও জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত গ্রেনেডগুলো জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে র্যাব-৯ উল্লেখ করেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে তারা বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, গ্রেনেড ও অন্যান্য বিপজ্জনক সামগ্রী উদ্ধার করেছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।