ছাতকে চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ছাতক থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর, আলমপুর ও কাজিরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে। এর ফলে নদীর তীর, পরিবেশ এবং স্থানীয় প্রতিবেশ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে পরিবেশ অধিদপ্তর।
এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ঙ), ১২ ও ১৫(১) অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা করা হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলসহ প্রয়োজনীয় পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলাটি থানায় রুজু করা হয়েছে। মামলাটির তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।