ছাতকে কৃষক কার্ড কার্যক্রমের সূচনা, পাইলট প্রকল্পে সদর ইউনিয়নের তিন ওয়ার্ড
সেলিম মাহবুব, ছাতক:
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ কার্যক্রমের পাইলট প্রকল্পের আওতায় ছাতক সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান বলেন, কৃষক কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হবে। এর ফলে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন সেবা দ্রুত এবং সঠিকভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি তথ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ পারভেজ, লয়েস উদ্দিন, হাজেরা বেগম ও মাশরুফ আহমদ। এছাড়াও ইউনিয়নের কৃষক-কিষাণীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, যুগ্ম আহ্বায়ক কবির আহমদ মধু, আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন, ইউপি সদস্য খছরু আহমদ, আলী হোসেন, দুলাল মেম্বার, সংরক্ষিত মহিলা সদস্য ছালেতুন নেছা, আফিয়া বেগম রেখা, প্রেমতা রানী দাশ, ইউপি সচিব আলমগীর হোসেন, স্থানীয় নুরুল হক, আবুল খয়েরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের একটি সঠিক তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি খাতে সরকারি সুযোগ-সুবিধা ও সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তথ্য সংগ্রহ কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।