logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ জুলাই ২০২৬ ১১:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতকে ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও ৯ লাখ টাকা লুটের অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুলাই ২০২৬ ১১:৫০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুলাই ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
ছাতকে ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও ৯ লাখ টাকা লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনির:

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও পয়েন্টে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে ছাতক থানায় একটি লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী আরজক আলী।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাবুরগাঁও গ্রামের বাসিন্দা আরজক আলী শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সংঘটিত এ ঘটনার অভিযোগে থানায় লিখিত আবেদন করেন।


অভিযোগে বলা হয়, জুমার নামাজ শেষে আরজক আলীর দুই ভাই জুবেদ আলী ও চমক আলী তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেলে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ সময় জুবেদ আলীকে মারধর করে আহত করা হয়। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ‘মা স্টুডিও’সহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় একটি দোকানের ক্যাশবক্স থেকে বিকাশ ব্যবসার ৫ লাখ টাকা, দুটি কম্পিউটার মনিটর ও একটি প্রিন্টার নিয়ে যাওয়া হয়। এছাড়া অপর একটি দোকানের ক্যাশবক্স থেকে আরও ৪ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা দোকানের গ্লাস ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলেও দাবি করেন অভিযোগকারী।


লিখিত আবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল ত্যাগের আগে অভিযুক্তরা বাদীর বসতবাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। আহত জুবেদ আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে থানায় লিখিত আবেদন করা হয়।


বাদী আরজক আলী বলেন, “পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে আমার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। মারধরের পাশাপাশি দোকান ভাঙচুর করে বিপুল পরিমাণ নগদ টাকা ও মালামাল নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”


তবে অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত কামাল উদ্দিন বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা কোনো হামলা, ভাঙচুর বা লুটপাটের সঙ্গে জড়িত নই। বিষয়টি গ্রামের মসজিদের ইমামকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের। এ নিয়ে গ্রামে শালিসও হয়েছে, কিন্তু তারা তা মানেননি। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”


এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16522
Page of