দেশীয় ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী আয়োজন
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মৌসুমি ফল উৎসব। দেশীয় ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা, পুষ্টিকর খাদ্যাভ্যাসে উৎসাহিত করা এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুরে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাংবাদিক ও রোটারিয়ান এম এ রহিমের সৌজন্যে এ ফল উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, আনারসসহ নানা পুষ্টিগুণসমৃদ্ধ দেশীয় মৌসুমি ফলের বর্ণিল সমাহার প্রদর্শন করা হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের আকর্ষণীয়ভাবে সাজানো ফলের স্টল দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে।
দুপুর ১টায় প্রত্যাশা কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও রোটারিয়ান এম এ রহিম। তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য গঠনে দেশীয় ফলের পুষ্টিগুণ এবং নিয়মিত ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জিত চন্দ্র দাস, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন এবং দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তার।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন সালুটিকর ভূমি সহকারী কর্মকর্তা মনজুর আতহার এবং ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাটের জুনিয়র প্রোগ্রাম অফিসার রকি পালমা। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড সদস্য আফতাব আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শফিকুর রহমান, সদস্য আমির উদ্দিন, বিলাল আহমদ ও হারুন আহমদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রত্যাশা কিন্ডারগার্টেনের শিক্ষক শরীফ আহমদ এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতন করে তুলতে এবং দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।