logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৪ জুলাই ২০২৬ ১১:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জে কমছে বন্যার পানি, ড্রোনে ত্রাণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে দুর্গতদের পাশে ৫৫ বিজিবি

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:১৬ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
হবিগঞ্জে কমছে বন্যার পানি, ড্রোনে ত্রাণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে দুর্গতদের পাশে ৫৫ বিজিবি

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেলেও নিম্নাঞ্চলের কিছু গ্রামে এখনও জলাবদ্ধতা রয়েছে। এ অবস্থায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ ৫৫ বিজিবি। ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দুর্গম এলাকায় ত্রাণ ও নগদ সহায়তা পৌঁছে দিয়েছে বাহিনীটি।


সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি গ্রামে নৌকাযোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে ৫৫ বিজিবি। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিজিবি জানায়, বন্যাকবলিত এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং আরও ২০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।


এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দিতে পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পৃথক দল সারাদিন মাঠে কাজ করেছে।


ত্রাণ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে ৫৫ বিজিবি ড্রোনের মাধ্যমে দুর্গম ও পানিবন্দি এলাকায় শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করে। বিজিবির মতে, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ফলে দুর্গম এলাকায় দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।


এ সময় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, “হবিগঞ্জ ৫৫ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমে অসহায় ও দরিদ্র বন্যার্ত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ পেয়েছেন। একই সঙ্গে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা অনেক পরিবারের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করেছে। বিজিবির এই মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও উৎসাহিত করবে।”


৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় হবিগঞ্জ ৫৫ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16449
Page of