হাকুর বাজার-মানিকগঞ্জ সড়ক ফের চলাচলের অনুপযোগী, তদন্তের দাবি এলাকাবাসীর
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার-মানিকগঞ্জ সড়ক সংস্কারের মাত্র দুই মাসের মাথায় আবারও বেহাল অবস্থায় পড়েছে। সম্প্রতি সংস্কার করা এই সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে হাকুর বাজার থেকে মানিকগঞ্জ পর্যন্ত সড়কটির সংস্কার কাজ শুরু হয়। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আরিফ ট্রেডার্স, যার স্বত্বাধিকারী এনাম। চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে কাজ শেষ হওয়ার পর বিলও উত্তোলন করা হয়।
কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যায় এবং বড় বড় গর্ত তৈরি হয়। অনেক অংশে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, ডৌবাড়ী ইউনিয়নসহ আশপাশের অন্তত তিনটি ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। প্রতিদিন শত শত যানবাহন, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহার করছেন। সম্প্রতি সংস্কারের পর কিছুদিন স্বস্তি ফিরলেও এখন পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়ে গেছে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে প্রথম দফার বৃষ্টিতেই সড়কের পিচ উঠে গেছে। তাদের দাবি, কাজ তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী যথাযথভাবে দায়িত্ব পালন করেননি। অনৈতিক সুবিধার বিনিময়ে নিম্নমানের কাজ গ্রহণ করে দ্রুত বিল উত্তোলনের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, "সংস্কারের নামে ৫০ লাখ টাকা পুরো পানিতে গেছে। আমরা এই কাজের সুষ্ঠু তদন্ত চাই এবং টেকসইভাবে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানাচ্ছি।"
তবে প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এদিকে এলাকাবাসী অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সড়কটি পুনরায় টেকসইভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
(প্রতীকী ছবি)