ঢাকা থেকে নিখোঁজের একদিন পর শায়েস্তাগঞ্জে মিলল জকিগঞ্জের যুবক রাজনের মরদেহ
জকিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর নিখোঁজ হওয়া সিলেটের জকিগঞ্জের যুবক রাজনের মরদেহ একদিন পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রাজন জকিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
রোববার (১২ জুলাই) শায়েস্তাগঞ্জ উপজেলার মিরপুর ইউনিয়নের দাসপাড়া এলাকা থেকে রাজনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। বর্তমানে মরদেহটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে (জিআরপি) রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিবার সূত্রে আরও জানা যায়, রাজনের বড় ভাই মুন্না বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তিনি বর্তমানে শায়েস্তাগঞ্জে অবস্থান করছেন এবং মরদেহ গ্রহণের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তারা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।
রাজনের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।