logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ জুলাই ২০২৬ ০৩:৪৩ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে পরিদর্শন কক্ষ নির্মাণে জট, প্রশাসন–শিক্ষা বিভাগের মতভেদে থমকে কাজ

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০৩:৪৩ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০৩:৪৩ পূর্বাহ্ন
জকিগঞ্জে পরিদর্শন কক্ষ নির্মাণে জট, প্রশাসন–শিক্ষা বিভাগের মতভেদে থমকে কাজ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় একটি করে পরিদর্শন কক্ষ (ইন্সপেকশন রুম) স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও সিলেটের জকিগঞ্জ উপজেলায় নির্ধারিত কক্ষ হস্তান্তর নিয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের মতভেদের কারণে নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। সংশ্লিষ্টদের দাবি, কক্ষ বুঝে না পাওয়ায় কয়েক দিন ধরে কাজ আটকে রয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় সংযুক্ত ওয়াশরুমসহ একটি পরিদর্শন কক্ষ স্থাপনের কথা রয়েছে। এর প্রাথমিক ব্যয় উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বহনের নির্দেশ দেওয়া হয়েছে।


নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ্র উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওপরের তলায় অবস্থিত একটি কক্ষ পরিদর্শন কক্ষ হিসেবে নির্ধারণ করেন। নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি)।


অভিযোগ রয়েছে, এলজিইডির দায়িত্বপ্রাপ্তরা নির্মাণকাজ শুরু করতে গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা আপত্তি জানান। তাঁদের দাবি, কক্ষটি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রশাসনিক কার্যক্রমের জন্য নির্ধারিত থাকায় এটি অন্য কাজে ব্যবহার করা সম্ভব নয়। এ কারণে নির্মাণকাজ শুরু করা যায়নি।


সরেজমিনে দেখা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে আরও কয়েকটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়, একটি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য এবং অপর একটি কক্ষে দুটি আলমারি ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষিত রয়েছে। পরিদর্শন কক্ষ হিসেবে নির্ধারিত কক্ষটি এখনো খালি করা হয়নি।


জানা গেছে, গত জুন মাসের শুরুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ওই কক্ষে থাকা আলমারি ও চেয়ার নিচতলায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্রও পরিদর্শন কক্ষ নির্মাণের জন্য কক্ষটি বুঝিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তবে এখনো কক্ষটি নির্মাণকাজের জন্য হস্তান্তর করা হয়নি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্র বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। কক্ষটি বুঝে পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা হবে।


সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, কক্ষটি শিক্ষা অফিসের প্রশাসনিক কার্যক্রমের জন্য নির্ধারিত। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


এলজিইডির জকিগঞ্জ উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম সরকার জানান, পরিদর্শন কক্ষ নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। তবে নির্ধারিত কক্ষ বুঝে না পাওয়ায় এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। কক্ষটি বুঝে পেলেই নির্মাণকাজ শুরু করা হবে।


স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, প্রশাসন ও শিক্ষা বিভাগের মধ্যে দ্রুত সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা গেলে সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে আর বিলম্ব হবে না। একই সঙ্গে উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত পরিদর্শন কক্ষও দ্রুত চালু করা সম্ভব হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16432
Page of