logo
চ্যানেল জৈন্তা নিউজ
অপরাধ ১৫ জুন ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কানাইঘাটের চতুল বাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান, ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন অপরাধ
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুন ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন
কানাইঘাটের চতুল বাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান, ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

কানাইঘাট প্রতিনিধি। 

সিলেটের কানাইঘাট উপজেলার চতুল বাজারে সিলেট জেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


রোববার (১৪ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়।


অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে চারটি পৃথক মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


এছাড়া অভিযানের অংশ হিসেবে কানাইঘাট উপজেলার মোট ১১টি ফার্মেসি পরিদর্শন করা হয়। এ সময় ফার্মেসি মালিক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ঔষধ সংরক্ষণ, বিক্রয় ও লাইসেন্স সংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।


জেলা প্রশাসন জানায়, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এসব ঔষধ সেবনে রোগ নিরাময় না হওয়ার পাশাপাশি বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া, শারীরিক জটিলতা, অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি এমনকি জীবনহানির ঝুঁকিও তৈরি হতে পারে। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ঔষধের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় রোগীর কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।


জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15997
Page of