logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৬ জুন ২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনে কাজ করছে—স্পীকার

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনে কাজ করছে—স্পীকার

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংসদের মর্যাদা কেবল সাংবিধানিক ক্ষমতার ওপর নির্ভর করে না, বরং জনগণের আস্থার ওপর নির্ভরশীল।


তিনি আজ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ-সদস্যদের জন্য “সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম” শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ হুইপ মো: নূরুল ইসলাম মণি, এমপি এবং বিরোধী দলের নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি।


স্পীকার বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান ও আইনগত কাঠামোর মাধ্যমে। কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদ-সদস্যদের দায়িত্ব পালনে সহায়তা করে। তিনি আরও বলেন, এটি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং দায়িত্ব বাস্তবায়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনায় সঠিক ধারণা থাকা অত্যাবশ্যক।


তিনি বলেন, সংসদের প্রধান তিনটি দায়িত্ব হলো আইন প্রণয়ন, তদারকি এবং নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা। গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের অংশগ্রহণের মাধ্যমে সংসদীয় কার্যক্রম কার্যকর হয় এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি পায়।


স্পীকার আরও উল্লেখ করেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি ও সুইজারল্যান্ড দূতাবাসের ‘Strengthening Institutions, Policies and Services (SIPS)’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


চীফ হুইপ মো: নূরুল ইসলাম মণি, এমপি বলেন, শেখার কোনো শেষ নেই—দোলনা থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শেখে। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাই অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিখবে। তিনি বলেন, কার্যপ্রণালী-বিধি, সংবিধান ও সংসদীয় রীতি-নীতি সম্পর্কে জ্ঞান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, সংসদকে কার্যকর করতে এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান, এমপি বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। তাই সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও টেকসই গণতন্ত্র নিশ্চিত করাই সংসদের মূল লক্ষ্য হওয়া উচিত।


উল্লেখ্য, দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের দ্বিতীয় গ্রুপে বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা অংশগ্রহণ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15853
Page of