logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ৩০ মে ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

তাহিরপুরে বিয়ের নৌকা ডুবি: ১৫ ঘণ্টা পর শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মে ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ মে ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন
তাহিরপুরে বিয়ের নৌকা ডুবি: ১৫ ঘণ্টা পর শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিখোঁজ শিশু আব্দুল্লাহর (৬) মরদেহ প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত শিশু উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের তহিদনুর শাহ নবাবের ছেলে।


শনিবার (৩০ মে) সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের নিজস্ব উদ্যোগে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।


এর আগে শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াঘাট গ্রাম থেকে বরযাত্রী নিয়ে নয়াবন্দ গ্রামে কনের বাড়িতে যান বরপক্ষের লোকজন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে ফেরার সময় কনের বাড়ির পাশের পাড়সংলগ্ন এলাকায় নৌকাটি হঠাৎ উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বর-কনেসহ অন্যান্য যাত্রীদের স্থানীয় বাসিন্দা ও আশপাশে থাকা পর্যটকদের সহায়তায় দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও শিশু আব্দুল্লাহ নিখোঁজ হয়ে যায়।


ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে ব্যাপক তল্লাশি চালালেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে স্থানীয় লোকজন ও স্বজনদের নিজস্ব উদ্যোগে প্রায় ১৫ ঘণ্টা পর আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15729
Page of