সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয় নিয়েই বর্তমান সরকার কাজ করছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (২৮ মে,) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে তারেক রহমান-এর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান— ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বিশ্বাস করি, ‘আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এই মূলনীতিকে ধারণ করে দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই পরিবেশে দেশবাসী ধারাবাহিকভাবে উৎসবমুখর ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা ও সার্বিক মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিতভাবে দোয়া করার আহ্বান জানান মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেন।
পরে তারা বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের পিতার কবর জিয়ারত করেন। একইসঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য ও অন্যান্য শহীদদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করেন।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।