সিসিক কর্মী মোহাম্মদ মুফাচ্ছিরের অকাল মৃত্যু, শোকাহত পরিবারকে সান্ত্বনা জানালেন প্রশাসক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার মোহাম্মদ মুফাচ্ছিরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ মুফাচ্ছির। দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর খবর পেয়ে সিলেট নগরীর কানিশাইল এলাকায় তার বাসভবনে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।
এ সময় সিসিক প্রশাসক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক প্রকাশ করে বলেন, মোহাম্মদ মুফাচ্ছির ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মী। কর্মরত অবস্থায় তাঁর এই মৃত্যু সিলেট সিটি কর্পোরেশনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি আরও জানান, সিসিক কর্তৃপক্ষ শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।