logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে হেলাল আহমদের সংবাদ সম্মেলন: ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগকে মিথ্যা দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১১:০২ অপরাহ্ন
জকিগঞ্জে হেলাল আহমদের সংবাদ সম্মেলন: ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগকে মিথ্যা দাবি

জকিগঞ্জ প্রতিনিধি। 

সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ লাখ টাকা আত্মসাত, পাসপোর্ট গোপন রাখা ও পারিবারিক নির্যাতনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রবাস ফেরত বাসিন্দা হেলাল আহমদ।


মঙ্গলবার (২৬ মে) জকিগঞ্জে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব দাবি করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।


জকিগঞ্জ উপজেলা-এর নান্দিশ্রী গ্রামের বাসিন্দা হেলাল আহমদ জানান, তিনি ১৯৯৩ সালের ২৩ জুন জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যান এবং সেখানে গ্যারেজ ব্যবসা গড়ে তোলেন। প্রবাস জীবনের উপার্জনে পরিবার পরিচালনার পাশাপাশি নিয়মিত দেশে অর্থ পাঠিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পারিবারিক সূত্রে শ্রীলঙ্কান এক নারীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয় এবং বিয়ের মোহরানা ও অন্যান্য ব্যয় তিনি নিজেই বহন করেন। পরবর্তীতে স্ত্রীকে বাংলাদেশে এনে সংসার শুরু করেন।


হেলাল আহমদের অভিযোগ, সংসার জীবনে তিনি স্ত্রীকে নগদ অর্থ, জমি ও স্বর্ণসহ বিভিন্ন সহায়তা দিয়েছেন। তবে দীর্ঘদিন প্রবাসে থাকা অবস্থায় পাঠানো অর্থের স্বচ্ছ হিসাব না পাওয়ার পাশাপাশি তার পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ নথিপত্র ফেরত না পাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েন।


তিনি বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার শুরু হয়। তার বিরুদ্ধে আনা ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগকে তিনি সাজানো দাবি করে এর প্রমাণ হিসেবে ব্যাংকিং নথি উপস্থাপনের আহ্বান জানান।


এছাড়া তিনি অভিযোগ করেন, বর্তমানে তাকে ও তার দ্বিতীয় স্ত্রীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির চেষ্টা চলছে। গত ২৪ মে তার দ্বিতীয় স্ত্রীর বসতঘরে হামলা ও মারধরের ঘটনাও ঘটে বলে তিনি দাবি করেন।


সংবাদ সম্মেলনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান হেলাল আহমদ। উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তিও পারিবারিক বিরোধ ও জটিলতা নিয়ে মন্তব্য করেন, তবে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15669
Page of