সিলেটে তিন দিনের সফরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
ঢাকা, ২৫ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী ২৬ থেকে ২৮ মে ২০২৬ পর্যন্ত তিন দিনের সরকারি সফরে সিলেট যাচ্ছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে তিনি বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন।
সূত্র জানায়, ২৬ মে মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী। পরে বিকাল ৫টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-539 ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সিলেট সার্কিট হাউসে চামড়া সংরক্ষণ ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া জুলাই আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
২৭ মে বুধবার সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসে কালিঘাট চাউল বাজার সমিতির সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এরপর সকাল ১১টায় ইমাম ইসমাম হোসেন চৌধুরী প্রিয়’র সৌজন্য সাক্ষাৎ গ্রহণ করবেন। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার আওতাধীন ১২টি চা বাগানের পঞ্চায়েত কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে লিডিং ইউনিভার্সিটির ভিসির সৌজন্য সাক্ষাৎ এবং বিকাল ৩টায় জালালাবাদ ইমাম সমিতির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
২৮ মে বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেট শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন মাননীয় মন্ত্রী। পরে দুপুর ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-0602 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। দুপুর ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। সফরসঙ্গী হিসেবে থাকবেন মাননীয় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ এবং ব্যক্তিগত সহকারী জনাব রনি পাল।
সফর উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।