রামিসা হত্যা মামলার বিচার ৫-৭ দিনের মধ্যে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২৪ মে : আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারকার্য সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, নতুন পাসপোর্টে পুনরায় যুক্ত করা হবে ‘Except Israel’ শব্দগুচ্ছ এবং অনলাইন জুয়া প্রতিরোধে আনা হচ্ছে যুগোপযোগী নতুন আইন।
রোববার বাংলাদেশ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত “বিএসআরএফ সংলাপ” অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রধান আসামিকে মাত্র ৭ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং একদিনের মধ্যেই সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি জানান, সরকারের নির্দেশনায় মাত্র ৩ দিনের মধ্যে ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্ট সম্পন্ন করে পূর্ণাঙ্গ চার্জশিট প্রস্তুত করা হয়েছে, যা আদালতে দাখিল করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, মামলাটি পরিচালনার জন্য স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ আদালত গঠন করা হয়েছে, যা ঈদের ছুটিতেও খোলা থাকবে।
পাসপোর্টে ‘Except Israel’ পুনর্বহাল প্রসঙ্গে তিনি বলেন, “এটি দেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি এবং বর্তমান সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত।”
মাদক মামলার জট নিরসনে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন আইনের বিষয়ে তিনি বলেন, “১৮৬৭ সালের পুরোনো জুয়া আইন বাতিল করে আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সংসদ অধিবেশনেই বিল আকারে তা উপস্থাপন করা হবে।”
মুক্ত গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার স্বার্থে যৌক্তিক বিধিনিষেধ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং কৃত্রিম ন্যারেটিভ তৈরির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সাংবাদিকদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।