জৈন্তাপুরে চোরাই ভারতীয় চা-পাতাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে ১০৫০ কেজি ভারতীয় চা-পাতাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মে ) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হরিপুর এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি নীল রঙের এইচ পিকআপ গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ২১ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ১০৫০ কেজি চা-পাতা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মো. আলম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে এসআই উৎসব কর্মকার সঙ্গীয় ফোর্স ও উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তির দখল থেকে চা-পাতাগুলো জব্দ করেন। পরে জব্দতালিকা প্রস্তুত করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ভারতীয় চা-পাতার বড় একটি চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”