সরকারি স্কুলে ভর্তিতে ১৪% কোটা, ঢাকায় ৪০% আসন স্থানীয়দের জন্য
অনলাইন ডেস্ক :
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, সরকারি স্কুলে বিভিন্ন শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট ১৪ শতাংশ আসন পাঁচ ধরনের কোটায় সংরক্ষিত থাকবে। পাশাপাশি ঢাকা মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর আওতাধীন এলাকার (ক্যাচমেন্ট এরিয়া) শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট ৬০ শতাংশ আসনে সব এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৭’ প্রকাশ করা হয়। নীতিমালার ১৭ নম্বর ধারায় কোটা ও আসন সংরক্ষণের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
কোন কোটায় কত শতাংশ আসন
নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়েদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, একই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহোদর বা সহোদরার জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে।
সব মিলিয়ে এসব পাঁচ শ্রেণিতে মোট ১৪ শতাংশ আসন কোটার আওতায় থাকবে।
ঢাকায় স্থানীয় শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন
ঢাকা মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর আওতাধীন এলাকার শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ক্যাচমেন্ট এরিয়ার জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। বাকি ৬০ শতাংশ আসনে এলাকার সীমাবদ্ধতা ছাড়াই আবেদন করার সুযোগ থাকবে।
এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে স্বতন্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট আসনের ১০ শতাংশ সংরক্ষিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বদলিজনিত ভর্তিতে অতিরিক্ত আসন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির প্রয়োজনে বদলিজনিত কারণে তাঁদের সন্তানদের নতুন কর্মস্থলের এলাকার বিদ্যালয়ে ভর্তির সুবিধার্থে প্রতিটি সরকারি বিদ্যালয়ের প্রতি শাখায় অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
ভর্তি কার্যক্রম তদারকিতে পৃথক কমিটি
ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকির জন্য ঢাকা মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি গঠন করা হবে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।
নতুন নীতিমালায় আসন সংরক্ষণ, কোটা, শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি কার্যক্রম পরিচালনার বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এসব নির্দেশনা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।