শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও ফজলে রাব্বানী চৌধুরীর যোগদান, সেবার মানোন্নয়নে আশার আলো
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বানী চৌধুরী। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর যোগদানে শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীর মাঝে স্বস্তি ও আশাবাদ ফিরে এসেছে।
জানা যায়, বিদায়ী ইউএনও মোঃ নাহিদ হোসেন দায়িত্ব থেকে সরে যাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান শান্ত গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার সকালে তাঁর কাছ থেকেই নতুন ইউএনও মোঃ ফজলে রাব্বানী চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ইউএনও এর আগে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় ইউএনও হিসেবে বদলি হন। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কক্সবাজার জেলার রামু উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানেও তিনি প্রশাসনিক দক্ষতা ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হন।
দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ দখলদার উচ্ছেদ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দিতে উপজেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করবে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সমন্বিত সহযোগিতায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আলোকিত শায়েস্তাগঞ্জ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “সবার সহযোগিতা পেলে শায়েস্তাগঞ্জকে দেশের অন্যতম উন্নত ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করা সম্ভব হবে।”
নতুন ইউএনও যোগদানের পর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সৌজন্য সাক্ষাৎ করেন।