logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৪ মে ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে সুতাং নদীতে যুবক নিখোঁজ

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন
লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে সুতাং নদীতে যুবক নিখোঁজ

 লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় সুতাং নদীতে পড়ে সাদেক মিয়া (৩১) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১৩ মে) উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার দুই ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া সুতাং নদীর অদূরে জমি থেকে ধান আনতে যান। বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা নদীপথে ফিরে আসার চেষ্টা করেন।


এ সময় আকাশের পরিস্থিতি খারাপ দেখে ফরাশ মিয়া নৌকা চালিয়ে দ্রুত ফিরতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাদেক মিয়া নৌকার মাথায় একটি অ্যালুমিনিয়ামের বল মাথায় দিয়ে বসে ছিলেন। হঠাৎ বজ্রপাতের তীব্র শব্দে তিনি সুতাং নদীতে পড়ে নিখোঁজ হন।


ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন, বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এবং লাখাই উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।


লাখাই ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন জানান, হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালানো হবে।


এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র ও উপপরিদর্শক প্রণয় কুমার সরকারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15394
Page of