স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা: সিলেট বিভাগে ৯ আসনে নতুন মুখ
নিউজ ডেস্ক।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত ১০০ জন প্রার্থীর মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে স্থান পেয়েছেন মোট ৯ জন।
রবিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির নেতারা জানান, তরুণ নেতৃত্ব, সুশাসন ও স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. কামাল আহমেদ। একই জেলার হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন মাহবুবুল বারী চৌধুরী।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা চেয়ারম্যান পদে খালেদ হাসান এবং কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদে আবু রুকিয়ানকে প্রার্থী করা হয়েছে।
সিলেট জেলার বিভিন্ন উপজেলায়ও একাধিক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ওবায়েদ আহমেদ, কানাইঘাটে বোরহান উদ্দিন ইউনূস, ওসমানীনগরে হাজি মো. মোশাহিদ আলী, জৈন্তাপুরে জাকারিয়া এবং গোয়াইনঘাটে মনসুরুল হাসান দলীয় মনোনয়ন পেয়েছেন।
এনসিপির এই প্রার্থী ঘোষণার ফলে সিলেট বিভাগের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।