শাপলা চত্বরের শহীদদের স্মরণে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট,। ২০২৬: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে শহীদদের স্মরণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বাদ যোহর নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বক্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সেক্রেটারি মুফতী ফয়জুল হক জালালাবাদী এবং পরিচালনা করেন মাওলানা আসলাম রাহমানী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মুফতী তাহুরুল ইসলাম, পীর মাওলানা বশির আহমদ, এইচ. এম মঈনুল ইসলাম আশরাফী, হাফিজ মাওলানা রইচ উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ মাদানী, হাফিজ তাকবির আহমদ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম, হাফিজ মাওলানা মাসুম আহমদ প্রমুখ।
বক্তারা ৫ মে’র ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম “কালো অধ্যায়” হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সেদিন শান্তিপূর্ণভাবে অবস্থানরত আলেম-ওলামা ও সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, তা আধুনিক সভ্যতায় কল্পনাতীত। বক্তারা এটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করে বলেন, দীর্ঘ সময় পার হলেও এখনো প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করা হয়নি।
তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে নিহতের প্রকৃত সংখ্যা ও ঘটনার ধরন নিয়ে নতুন তথ্য উঠে আসছে। গণকবর ও গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে নতুন করে তদন্তের দাবি জানিয়ে বক্তারা বলেন, অতীতের সরকার সত্যকে আড়াল করার চেষ্টা করলেও এখন প্রকৃত সত্য উদঘাটনের সময় এসেছে।
বক্তাদের মতে, শাপলা চত্বরের ঘটনা শুধু রাজনৈতিক বিষয় নয়, বরং নিরীহ মানুষের ওপর সংঘটিত একটি রাষ্ট্রীয় সহিংসতা। এর সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন।
আলোচনা সভা শেষে ২০১৩ সালের ৫ মে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শাহ আলম। মোনাজাতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং ক্ষতিগ্রস্তদের সুস্থতা ও কল্যাণের জন্য দোয়া করা হয়।