logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৩ মে ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

খোয়াই নদী ও জলাশয় রক্ষায় হবিগঞ্জে নাগরিক-প্রশাসনিক সমন্বয়ের তাগিদ, দখল ও দূষণ বন্ধের দাবি জোরালো

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ মে ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
খোয়াই নদী ও জলাশয় রক্ষায় হবিগঞ্জে নাগরিক-প্রশাসনিক সমন্বয়ের তাগিদ, দখল ও দূষণ বন্ধের দাবি জোরালো

স্টাফ রিপোর্টার।

হবিগঞ্জে খোয়াই নদী, পুরাতন খোয়াই নদী এবং শহরের পুকুর ও জলাশয় রক্ষায় নাগরিক আন্দোলন, প্রশাসনিক পদক্ষেপ ও বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১ মে) বিকেল ৪টায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।


সভায় খোয়াই ও পুরাতন খোয়াই নদীর বর্তমান সংকট, অবৈধ দখল, দূষণ, বাইপাস সড়কের খাল এবং শহরের পুকুর ও জলাশয় ভরাটের চিত্র মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।


বক্তারা বলেন, খোয়াই নদী বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। প্রশাসনিক উদ্যোগ থাকলেও যথাযথ বাস্তবায়ন ও ধারাবাহিকতার অভাবে নদী দখল ও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। একই সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয় বলেও মত দেন তারা।


সভায় জানানো হয়, গত ১৫ এপ্রিল পরিকল্পনা কমিশন “পুরাতন খোয়াই নদী রেস্টোরেশন প্রকল্প” অনুমোদনের সুপারিশ করেছে। ৪৮ কোটি টাকার এই প্রকল্পে নদীর ৪ কিলোমিটার অংশে দখল উচ্ছেদ, খনন, ওয়াকওয়ে ও তিনটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বক্তারা দ্রুত বাস্তবায়ন ও সীমানা নির্ধারণ করে টেকসইভাবে প্রকল্পটি কার্যকর করার দাবি জানান।


এছাড়া বাইপাস সড়কের দুই পাশের খাল, পুকুর ও জলাশয় পুনরুদ্ধার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংস্কারের আহ্বান জানানো হয়।


বক্তারা বলেন, পরিকল্পনা ছাড়া কাগজে-কলমে সমাধান যথেষ্ট নয়; খোয়াই নদীকে তার স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আনা এবং জলাশয়গুলোকে প্রাকৃতিক অবস্থায় সংরক্ষণ করতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, নদী শুধু পানির উৎস নয়, এটি একটি জনপদের পরিবেশ, কৃষি, নৌ যোগাযোগ, জীববৈচিত্র্য এবং অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। খোয়াইসহ সব নদী দখল ও দূষণমুক্ত না করা হলে হবিগঞ্জে পরিবেশ বিপর্যয় আরও গুরুতর হবে বলে তিনি সতর্ক করেন।


সভায় হবিগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং শহরের বর্জ্য নদীতে ফেলা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15144
Page of