ঝড়ের তাণ্ডবে ওসমানীনগরে ৩২ ঘণ্টা বিদ্যুৎহীনতা, চরম ভোগান্তিতে জনজীবন
ওসমানীনগর প্রতিনিধি।
সিলেটের ওসমানীনগর উপজেলায় শনিবার দুপুর ও রবিবার ভোরে পরপর দুই দফায় আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর প্রায় ৩২ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বহু এলাকা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় উপজেলার গ্রামাঞ্চলে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর প্রায় ১টার দিকে আকস্মিক ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের ওপর গাছ ও ডালপালা ভেঙে পড়ে। এতে বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যুৎ বিভাগ নিরাপত্তার স্বার্থে একাধিক ফিডারের সংযোগ বন্ধ করে দেয়।
রবিবার ভোরেও দফায় দফায় ঝড়-বৃষ্টির কারণে মেরামত কাজ ব্যাহত হয়। ফলে এখন পর্যন্ত উপজেলার মাত্র ৩০ থেকে ৩৩ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে। বাকি এলাকাগুলো এখনও অন্ধকারে রয়েছে বলে জানিয়েছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওসমানীনগর কাশিকাপন জোনাল অফিস।
বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গভীর নলকূপ ও মোটরনির্ভর পরিবারগুলো। অনেক এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এছাড়া এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, মোবাইল ফোন চার্জ না থাকায় যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চরম কষ্টে রয়েছেন।
কাশিকাপন পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম নাইমুল ইসলাম জানান, ঝড়ে বিদ্যুতের খুঁটি, তার ও ট্রান্সফরমারের ব্যাপক ক্ষতি হয়েছে। একাধিক টিম মাঠে কাজ করছে। ইতোমধ্যে প্রায় ৩০–৩৩ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত সম্পন্ন করে পূর্ণাঙ্গ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।