logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৭ এপ্রিল ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে অটোরিকশার ৫ ব্যাটারি চুরি: স্থানীয়দের হাতে যুবক আটক, ভিডিওতে নাম জড়ানোর অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৭ এপ্রিল ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন
জকিগঞ্জে অটোরিকশার ৫ ব্যাটারি চুরি: স্থানীয়দের হাতে যুবক আটক, ভিডিওতে নাম জড়ানোর অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি। 

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় দিদারুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

তিনি একই গ্রামের আব্দুর রউফের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাতে খাসেরা গ্রামের একটি বাড়ি থেকে একটি অটোরিকশার পাঁচটি ব্যাটারি চুরি করে নিয়ে যান দিদারুল ইসলাম। ঘটনার পর স্থানীয়রা কৌশলে তাকে আটক করে মানিকপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যান।


জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিদারুল ইসলাম ভিডিও বার্তায় একই গ্রামের আবুল কালামের ছেলে পারভেজ আহমদের নাম জড়ান বলে অভিযোগ ওঠে। তবে এলাকাবাসীর একাংশ এই অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।


পরে মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদের তত্ত্বাবধানে গোপনে লুকিয়ে রাখা চুরি হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়।


ভুক্তভোগী অটোরিকশার মালিক বলেন, চেয়ারম্যানের মাধ্যমে তারা ন্যায়বিচার পেয়েছেন। তবে এলাকায় এ ধরনের চুরির ঘটনা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


অন্যদিকে অভিযুক্ত হিসেবে নাম আসা পারভেজ আহমদ বলেন, গত বছরের আগস্টে দিদারুল ইসলামের বিরুদ্ধে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি চুরির মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে বিচারাধীন। তার দাবি, ধরা পড়লেই তিনি নির্দোষ ব্যক্তিদের নাম জড়িয়ে বিভ্রান্তি তৈরি করেন।


স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় অটোরিকশা ও টমটমের ব্যাটারি চুরির পাশাপাশি গবাদিপশু চুরির ঘটনাও বাড়ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, দিদারুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে এলাকায় দাঙ্গাবাজির অভিযোগ রয়েছে। ভয়ে অনেকেই অভিযোগ করতে সাহস পান না বলেও তারা জানান।


মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ বলেন, বিষয়টি স্থানীয়ভাবে বসে সমাধান করা হয়েছে। তবে এলাকায় চুরি-ডাকাতিসহ যেকোনো অপরাধ কঠোরভাবে দমন করা হবে এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় চোরচক্র শনাক্তে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14984
Page of