logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কুশিয়ারা ভাঙনে আতঙ্ক, কান্দিগাঁওয়ে মানববন্ধন: দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ এপ্রিল ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
কুশিয়ারা ভাঙনে আতঙ্ক, কান্দিগাঁওয়ে মানববন্ধন: দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৬ ইং) বালাগঞ্জ উপজেলা যুব সোসাইটি ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে টেকসই রাস্তার অভাবে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে প্রতি বছর বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি, যা গ্রামবাসীর জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান। এছাড়া সংহতি প্রকাশ করেন সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজসেবক ও সাংবাদিক আশরাফুল আহমদ। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মো. তোফায়েল আহমেদ। তারা রাস্তা নির্মাণ ও নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


বক্তারা বলেন, “রাস্তা ও নদী ভাঙন রোধ কোনো বিলাসিতা নয়, এটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার।” তারা আরও বলেন, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হলে গ্রামটির অস্তিত্বই হুমকির মুখে পড়বে।


মানববন্ধনে গ্রামের প্রবীণ মুরব্বিরা লাঠি ভর দিয়ে উপস্থিত ছিলেন, আর তরুণ ও যুব সমাজের অংশগ্রহণে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। আয়োজকদের মতে, এই ঐক্যবদ্ধ অবস্থান প্রমাণ করে নিজেদের মাটি রক্ষায় কান্দিগাঁওবাসী এখন দৃঢ়প্রতিজ্ঞ।


স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দ্রুত প্রশাসনের উচ্চপর্যায়ে পৌঁছাবে এবং অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা নির্মাণ ও কুশিয়ারা নদীর স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14971
Page of