logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২১ এপ্রিল ২০২৬ ১১:১৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চমক, সিলেট থেকে দুই প্রার্থী

চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ১১:১৮ অপরাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২১ এপ্রিল ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
সংরক্ষিত নারী আসনে বিএনপির চমক, সিলেট থেকে দুই প্রার্থী

ডেস্ক নিউজ। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকায় সিলেট বিভাগ থেকে দুইজন প্রার্থীর অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি বিশ্লেষকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা আলোচনা।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন। তিনি জানান, গত ১৭ ও ১৮ এপ্রিল দুই দিনব্যাপী সাক্ষাৎকার এবং পরবর্তী যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৯০০ মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে ধাপে ধাপে প্রাথমিক তালিকা তৈরি করে শেষ পর্যন্ত ৩৬ জন নারী প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে।


চূড়ান্ত তালিকায় সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার এবং মৌলভীবাজারের ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।


দলীয় সূত্রে জানা যায়, শাম্মী আক্তার দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি এর আগে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও সরাসরি নির্বাচনে মনোনয়ন পাননি, তবে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগী ভূমিকার স্বীকৃতি হিসেবে এবার তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।


অন্যদিকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন। তিনি প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি আইন পেশায় তার নিজস্ব পরিচিতি এবং সামাজিক কর্মকাণ্ড তাকে দলের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


মনোনয়ন ঘোষণার পর সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তৃণমূল পর্যায়ের নেতারা মনে করছেন, এই মনোনয়ন সিলেট বিভাগের নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এদিকে সিলেট বিভাগ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আরও বেশ কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ছিলেন তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, ছাবিনা খান, ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আক্তার হাসেমী, অ্যাডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) ও মুনমুন তালুকদার। তবে চূড়ান্ত তালিকায় তারা স্থান পাননি।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্যাগী ও অভিজ্ঞ নারী নেত্রীদের অগ্রাধিকার দিয়ে এই তালিকা প্রণয়ন করেছে বিএনপি, যা আগামী দিনের রাজনীতিতে দলটির সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়ক হতে পারে।


সংশ্লিষ্টরা মনে করছেন, সংরক্ষিত নারী আসনে সিলেট বিভাগের এই দুই প্রতিনিধির অন্তর্ভুক্তি শুধু আঞ্চলিক রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14903
Page of