logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
শান্তিগঞ্জে নিরীহ পরিবারের ওপর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

শান্তিগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রভাবশালীদের বিরুদ্ধে এক নিরীহ পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।


শনিবার (১৮ এপ্রিল) বিকালে শান্তিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ সাপেরকোনা গ্রামের বাসিন্দা তাজু রহমান সংবাদ সম্মেলন করেন।


লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিবেশী আফাজ উদ্দিন গংদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রতিপক্ষ বিভিন্ন সময়ে তাদের ক্ষতি সাধনের চেষ্টা করে আসছে। গত ২১ মার্চ তার ভাতিজা হাফিজ রেজুয়ান আহমদকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে শান্তিগঞ্জ থানায় তদন্তাধীন।


তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল বিকাল ৫টার দিকে আফাজ উদ্দিন, আবু তালহা, রাজ্জাক হোসেন, গিয়াস উদ্দিন, সোনাই মিয়া, নজরুল হক, ছয়দুল হক, মহিবুর ও সেলিম মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।


হামলায় তাজু রহমানকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাইয়ের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় একটি ১২ বছর বয়সী কিশোরীসহ মোট ৪ জন আহত হন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।


এছাড়া হামলাকারীরা তার বসতঘরের টিনের বেড়া ও চাল ভেঙে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ করেন তিনি।


বর্তমানে প্রতিপক্ষের হুমকির কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাজু রহমানের স্ত্রী আয়েশা বেগম, মেয়ে মাসুমা আক্তার এবং আহত রুখশানা বেগমের ছেলে রেদোয়ান আহমদ।


অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলীউল্লাহ বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14873
Page of