লাখাইয়ে প্রবাসীর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি, জনতার হাতে আটক এক চোর
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রবাসীর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এক চোরকে মোটরসাইকেলসহ আটক করেছে স্থানীয় জনতা।
রবিবার ভোররাতে উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের তৌহিদুল ইসলামের বসতঘরের গেইট খুলে কৌশলে সুজুকি জিকসার এফআই ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র।
পরে হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল এলাকায় মোটরসাইকেলটি হঠাৎ বন্ধ হয়ে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা মোটরসাইকেলসহ আকিবুল তালুকদার (২২) নামের এক যুবককে আটক করে। তবে তার সঙ্গে থাকা চোরচক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে মোটরসাইকেলের মালিক তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে তার মোটরসাইকেল শনাক্ত করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসআই জিয়াউর রহমান আটক আকিবুলকে থানায় নিয়ে যান।
আটক আকিবুল তালুকদার উপজেলার বেগুনাই গ্রামের মোশাহিদ তালুকদারের ছেলে।
এ ঘটনায় তৌহিদুল ইসলাম বাদী হয়ে লাখাই থানায় একটি মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।