নবীগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের, আহত ২০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জমি দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মঞ্জুর মিয়া (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহত মঞ্জুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র। রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস ও দখলে রয়েছেন। একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে হেলাল মিয়া ও বাবরু মিয়ার ছেলে মনিরুজ্জামান গং ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় রবিবার সকালে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মঞ্জুর মিয়াসহ অন্তত ২০ জন আহত হন।
আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রয়েছেন সাফি মিয়া (৩২), মুজিবুর রহমান (৩২), শামিম মিয়া (৫০), মামুন মিয়া (৩১), জুনেদ মিয়া (২৮), রুহেল মিয়া (৩৮), ইমন মিয়া (১৭), কাউছার মিয়া (২২), জুয়েল আহমেদ (৩২), মামুন মিয়া (২৬)সহ আরও অনেকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, সরকারি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা ওই জমিতে বসবাস করছেন। প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছিল এবং এ ঘটনার জেরেই তার ছেলে নিহত হয়েছেন।