হবিগঞ্জে টিআরসি নিয়োগে বাছাই কার্যক্রম শুরু, প্রথম দিনে সম্পন্ন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
হবিগঞ্জ প্রতিনিধি |
“সেবার ব্রতে চাকরি”—এই অঙ্গীকারকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা–২০২৬-এর তিন দিনব্যাপী বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ (১৮ এপ্রিল) প্রথম দিনের কার্যক্রমে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন করা হয়।
হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। পুরো কার্যক্রমের সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ।
তিনি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন এবং প্রার্থীদের উদ্দেশে কোনো ধরনের অনিয়ম, তদবির বা আর্থিক লেনদেনে না জড়ানোর পরামর্শ দেন। একই সঙ্গে তিনি দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামুন অর রশিদ, এআইজি (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং কাজী মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং-০১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
এছাড়া বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার (ওএন্ডটি), রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট; মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ; মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ; এবং এ.কে.এম. সালিমুল হক, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
জেলা পুলিশ জানিয়েছে, তিন দিনব্যাপী এই বাছাই কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।