logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১০ এপ্রিল ২০২৬ ০৪:৫১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

শুদ্ধ জীবনযাপনের বার্তা দিতে হবে—লাখাইয়ে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী

চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ০৪:৫১ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১০ এপ্রিল ২০২৬ ০৪:৫১ পূর্বাহ্ন
শুদ্ধ জীবনযাপনের বার্তা দিতে হবে—লাখাইয়ে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী


হবিগঞ্জের লাখাই উপজেলায় কর্মকর্তা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় শুদ্ধ জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন তাদের যেমন দায় রয়েছে, তেমনি সমাজে বসবাসকারী প্রতিটি মানুষেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। নতুনভাবে দেশ গড়তে হলে প্রশাসনের হাতকে জনগণের অংশগ্রহণের মাধ্যমে আরও শক্তিশালী করতে হবে। একইসঙ্গে সুশাসন ও সুবিচার নিশ্চিত করে সাধারণ মানুষ যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।


বৃহস্পতিবার বিকাল তিনটায় লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। সভায় প্রধান অতিথি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন এবং সার্বিক উন্নয়ন ও উত্তরণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা অংশ নেন। তারা উপজেলার সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।


এসময় বিভাগীয় কমিশনার সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এর আগে তিনি উপজেলার সুতাং নদী থেকে তেঘরিয়া এবং মুড়িয়াউক থেকে বলভদ্র নদী পর্যন্ত দুটি খালের খনন কাজের উদ্বোধন করেন। পাশাপাশি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বৃক্ষরোপণ এবং কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমেও অংশগ্রহণ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14651
Page of