হবিগঞ্জে চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার মাধবপুরে সুরমা চা বাগানে ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মো. জসিম মিয়া (৩৪) মাধবপুরের উপজেলার পরমানন্দপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।
মামলার বিবরণে বলা হয়, সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টার দিকে ওই তরুণী তার পরিচিত এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে অটোরিকশায় করে সাতছড়ি ও সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যা ৬টার দিকে তারা সুরমা চা বাগানের সামনে অটোরিকশা রেখে হেঁটে বাগানের ভেতরে প্রবেশ করেন।
এর কিছুক্ষণ পর জসিম মিয়া ও শাহীন মিয়া নামে দুই যুবক ‘ডাকাত’ বলে ধাওয়া দিলে তরুণীর সঙ্গে থাকা যুবক পালিয়ে যান। এ সুযোগে আসামিরা তরুণীকে বাগানের গভীরে নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ এবং মারধর করে। পরে তার কানে থাকা স্বর্ণের এক জোড়া দুল ছিনিয়ে নেয়।
এক পর্যায়ে মেয়েটি কান্নাকাটি শুরু করলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করে। এদিকে তরুণীর সঙ্গে থাকা যুবক বিষয়টি পুলিশকে জানালে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে জসিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার শরীরে তল্লাশি করে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার কথা স্বীকার করেছে এবং পলাতক শাহীন মিয়ার নাম প্রকাশ করেছে।
ভুক্তভোগীকে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।