হবিগঞ্জে পুলিশি তৎপরতা: শিশু অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কাজী ফুজাইলকে অপহরণের মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কেশবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০)। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব।
জানা গেছে, ঈদুল ফিতর-এর দিন দুপুরে অসুস্থ নানাকে দেখতে মায়ের সঙ্গে ঢামেকে গিয়ে নিখোঁজ হয় দুই বছরের শিশু কাজী ফুজাইল। পরে অজ্ঞাত ব্যক্তিরা পরিবারের কাছে ফোন করে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় শিশুটির বাবা একই দিন শাহবাগ থানায় অপহরণ মামলা করেন।
এর আগে র্যাবের অভিযানে রাজধানীর ধলপুর এলাকা থেকে এমএম তানভীর নামে আরেক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।