logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ১৬ মার্চ ২০২৬ ০১:৪৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সেহরি-তারাবিতেও থাকে না বিদ্যুৎ; লাখাইয়ে জনরোষ, সমাধানে ধুঁকছে পল্লী বিদ্যুৎ

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ মার্চ ২০২৬ ০১:৪৫ পূর্বাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ মার্চ ২০২৬ ০১:৪৫ পূর্বাহ্ন
সেহরি-তারাবিতেও থাকে না বিদ্যুৎ; লাখাইয়ে জনরোষ, সমাধানে ধুঁকছে পল্লী বিদ্যুৎ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি।

হবিগঞ্জের লাখাই উপজেলায় গত কয়েকদিন ধরে অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাতজুড়ে বিদ্যুতের এমন ‘ভেলকিবাজিতে’ সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। তীব্র গরমে একদিকে যেমন জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা।

 পবিত্র রমজান মাসেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে তারাবি, সেহরি ও ইফতারের সময় বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সেহরির সময় অন্ধকারে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে, আর তারাবির সময় বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছেন রোজাদাররা।

 গত তিন দিন ধরে বিদ্যুৎ আসা-যাওয়ার কোনো নির্দিষ্ট সময়সূচী নেই। ঘনঘন লোডশেডিং এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে থাকা খাবার নষ্ট হচ্ছে এবং বাসা-বাড়িতে পানির সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে রাতের বেলা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা।

 বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে পল্লী বিদ্যুতের লাখাই উপজেলা দায়িত্বপ্রাপ্ত ডিজিএম সুমন সাহা বলেন, "মূলত লাইনে যান্ত্রিক সমস্যার কারণে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কোথায় সমস্যা হচ্ছে তা শনাক্ত করতে আমাদের টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুতই স্থায়ী সমাধান সম্ভব হবে।"

উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় ডিজিটাল মেশিন ও কম্পিউটার নির্ভর কাজগুলো বন্ধ হয়ে আছে। এছাড়া ইন্টারনেটের ধীরগতির কারণে ফ্রিল্যান্সার ও অনলাইন কর্মীরাও বিপাকে পড়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

লাখাইয়ের সর্বস্তরের মানুষের দাবি, রমজান মাসে অন্তত তারাবি ও সেহরির সময়টুকু যেন কোনো অজুহাত ছাড়াই বিদ্যুৎ নিশ্চিত করা হয়। দ্রুত ত্রুটি মেরামত করে এলাকায় নিরবচ্ছিন্ন সরবরাহ ফেরাতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14074
Page of