কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
অনলাইন ডেস্ক
ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের সামরিক স্থাপনার কাছাকাছি না যাওয়ার এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, সম্ভাব্য জরুরি পরিস্থিতি বিবেচনায় সবার কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও সামগ্রী সঙ্গে রাখা জরুরি। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবার।
বিজ্ঞপ্তিতে কাতারের প্রচলিত আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ছবি বা ভিডিও প্রকাশ না করতে সতর্ক করা হয়েছে, কারণ তা দেশটির আইনের পরিপন্থি হতে পারে।
যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর অথবা ইমেইলে (mission.doha@mofa.gov.bd) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।