হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জে পৃথক দুটি অভিযানে বালুর নিচে লুকানো প্রায় সাড়ে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি ট্রাক থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যায়। পরে তল্লাশিকালে দেখা যায়, বালুর নিচে বস্তার মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকানো রয়েছে। ভোররাতে একই এলাকায় আরেকটি ট্রাকেও একই কৌশলে জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিনিসপত্রের আনুমানিক সিজার মূল্য সাড়ে ৪০ লাখ টাকা। বর্তমানে জিনিসপত্রগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়াধীন।
বিজিবি-৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অভিযানে আমরা দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষা করি। চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে এবং স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সব সময় সচেষ্ট থাকব। আগামী দিনে সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করা হবে এবং চোরাচালানকারী গ্রুপগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।