হবিগঞ্জে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০
হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলা কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে গরুর ঘাস খাওয়া নিয়ে ওই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়া ও মৃত আলী হায়দর মিয়ার ছেলে জালাল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ ৩০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য নজু মিয়া বলেন, সংঘর্ষের মূল কারণ এখনো জানতে পারিনি। তবে শুনেছি, গরুর ঘাস খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় লিটন মিয়া হুমকি দেন জালাল মিয়ার গরু মাঠ থেকে নিয়ে জবাই করে খেয়ে ফেলবেন। এরই জের ধরে আজকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, গ্রামটি একেবারে দুর্গম এলাকায় অবস্থিত। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।