logo
চ্যানেল জৈন্তা নিউজ
খেলাধূলা ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:৩১ অপরাহ্ন WP Import

বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটকে হারিয়ে শুভ সূচনা রাজশাহীর

WP Import ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:৩১ অপরাহ্ন খেলাধূলা
WP Import ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:৩১ অপরাহ্ন
বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটকে হারিয়ে শুভ সূচনা রাজশাহীর
বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটকে হারিয়ে শুভ সূচনা রাজশাহীর

ঢাকা: শুরু হয়েছে বিপিএলের ১২তম আসর। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল শান্ত। সিলেট টাইটান্সের বড় রান তাড়া করে দলকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন।

 

শুক্রবার সিলেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শিশিরের প্রভাবের কথা চিন্তা করে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ব্যাটিংয়ে নেমে পারভেজ ইমন-আফিফ হোসেনের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের ভালো সংগ্রহ তোলে সিলেট।

 

দলটির হয়ে ওপেনার সাঈম আইয়ূব ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তিন চারের সঙ্গে দুই ছক্কা মারেন। অন্য ওপেনার রনি তালুকদার ৩৪ বলে চারটি চারের শটে ৪১ রান যোগ করেন। তিনে নামা আফগান ব্যাটার হযরতুল্লাহ জাজাই ১৮ বলে করেন ২০ রান।

 

রান বাড়িয়ে নেওয়ার আসল কাজটি করেন ইমন ও আফিফ। তারা ৬.৫ ওভারে ৮৬ রানের জুটি গড়েন। ইমন ৩৩ বলে ৬৫ রান করেন। তার হার না মানা ইনিংসে পাঁচটি ছক্কা ও চারটি চার ছিল। আফিফ আউট হওয়ার আগে ১৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৩ রানের ইনিংস খেলেন।

 

জবাব দিতে নামা রাজশাহীর শুরু ভালো হয়নি। ৩ ওভারে ১৯ রান যোগ করে ওপেনার তানজিদ তামিম ফিরে যান। ৮ বলে ১০ রান করেন তিনি। দলের ৬২ রানে আউট হন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। ১৯ বলে ২০ রান আসে তার ব্যাট থেকে। সেখান থেকে ১৩০ রানের জুটি গড়ে জেতান টি-২০ দলের বাইরে থাকা নাজমুল শান্ত এবং সাদা বলের ক্রিকেটকে বিদায় বলা মুশফিকুর রহিম।

 

শান্ত ৬০ বলে ১০১ রানের হার না মানা ইনিংস খেলেন। ১০টি চার ও পাঁচটি ছক্কা আসে তার ব্যাট থেকে। বিপিএল নিলাম থেকে সরাসরি দল না পাওয়া মুশফিক ৩১ বলে দুই ছক্কা ও চারটি চারের শটে ৫১ রান যোগ করেন।

 

বড় রানের ম্যাচে খরুচে ছিলেন দুই দলের বোলারই। রাজশাহীর সন্দীপ লামিচানে ২ উইকেট নিলেও ৪ ওভারে ৩৮ রান দেন। একটি করে উইকেট নেওয়া তানজিম সাকিব ও বিনোরা ফার্নান্দো যথাক্রমে ৪৩ ও ৩১ রান দেন। সিলেটের অধিনায়ক মেহেদী মিরাজ ৩ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। খালেদ ৩ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। নাসুম ৪ ওভারে ৩৩ ও মোহাম্মদ আমির খেয়েছেন ৩০ রান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/8959
Page of