logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ নভেম্বর ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দুইজন নিয়মিত মামলার আসামি, অপরজন পারিবারিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত

জকিগঞ্জে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩, আলোচনায় ফয়সল আহমদ কামরান

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ নভেম্বর ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ নভেম্বর ২০২৬ ০৫:১৫ অপরাহ্ন
জকিগঞ্জে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩, আলোচনায় ফয়সল আহমদ কামরান

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার দুই আসামি ও পারিবারিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনের মধ্যে ফয়সল আহমদ কামরানকে নিয়ে স্থানীয়ভাবে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের বোরহান উদ্দিন ওরফে জামাল (৫৩), বারঠাকুরী ইউনিয়নের দিঘালী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ (২৪) এবং সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের ফয়সল আহমদ কামরান।


পুলিশ সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন ওরফে জামাল জকিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সহসভাপতি। তিনি ২০২৪ সালের অক্টোবর মাসে জকিগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার আসামি। অন্যদিকে, মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৬ সালের অক্টোবর মাসে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি।


এদিকে, গ্রেপ্তার হওয়া ফয়সল আহমদ কামরান পারিবারিক আদালতের একটি মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে ঘিরে এলাকায় আগেও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও আলোচনা ছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। এবার আদালতের পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বোরহান উদ্দিন একটি পুরোনো মামলার আসামি, মোহাম্মদ আব্দুল্লাহ চলতি বছরের অক্টোবর মাসে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি এবং ফয়সল আহমদ কামরান পারিবারিক আদালতের পরোয়ানাভুক্ত আসামি।


পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19243
Page of