logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২০ নভেম্বর ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের বিরোধ মেটাতে উদ্যোগ, সাংবাদিকের সঙ্গে মোস্তাক আহমদের সমঝোতা

চ্যানেল জৈন্তা নিউজ ২০ নভেম্বর ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২০ নভেম্বর ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন
জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের বিরোধ মেটাতে উদ্যোগ, সাংবাদিকের সঙ্গে মোস্তাক আহমদের সমঝোতা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামদের সরকারি সম্মানির তালিকাভুক্তি, পরিচালনা কমিটি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে চলমান বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে মধ্যস্থতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই বৈঠকে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুবায়ের আহমদকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের সঙ্গেও সমঝোতা হয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় জকিগঞ্জ ডাকবাংলোয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মধ্যস্থতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ তাপাদার।


বৈঠক সূত্রে জানা যায়, মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালীর নাম সরকারি সম্মানির তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় উপস্থিত ব্যক্তিরা দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে মসজিদ পরিচালনা কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে উভয় পক্ষের প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


এ ছাড়া নির্মাণাধীন মসজিদের উন্নয়নকাজ অব্যাহত রাখতে দেশ-বিদেশের মুসল্লি, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের আগের মতো সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।


বৈঠক শেষে মধ্যস্থতাকারী ইকবাল আহমদ তাপাদার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সঙ্গে কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে তাঁকে অবহিত করা হয়।


বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল সাংবাদিক জুবায়ের আহমদ ও মসজিদ পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের মধ্যকার সাম্প্রতিক বিরোধ। মসজিদসংক্রান্ত অনিয়ম ও অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের প্রতিক্রিয়ায় সাংবাদিক জুবায়ের আহমদকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। বৈঠকে ইকবাল আহমদ তাপাদারের মধ্যস্থতায় উভয়ের মধ্যে সমঝোতা ও সম্পর্কের উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।


এ সময় সাংবাদিক জুবায়ের আহমদ বলেন, সাংবাদিকেরা দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পক্ষের হয়ে কাজ করেন না। তাঁরা সত্য অনুসন্ধান করেন এবং প্রাপ্ত তথ্য জাতির সামনে তুলে ধরেন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারও ব্যক্তিগত স্বার্থ নয়, জনস্বার্থই প্রাধান্য পায়।


বৈঠকে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, খলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা মাসুক, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমান, ব্যবসায়ী নজরুল ইসলাম, হাজী এস আলম ছফু, হাজী আব্দুল কাদির, জামায়াত নেতা ইমরান হোসেন, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ, সহসাধারণ সম্পাদক ও উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, কোষাধ্যক্ষ মোক্তাদির চৌধুরী, পৌর আল-ইসলাহর সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও জকিগঞ্জ টিভির পরিচালক জামাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


মসজিদের পরিচালনা ও প্রশাসনিক বিরোধ নিরসনের পাশাপাশি সাংবাদিকের সঙ্গে সমঝোতার এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19091
Page of