logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ১৯ নভেম্বর ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সরকারি হাসপাতালের দেয়ালে পানের পিক, পরিচ্ছন্নতা রক্ষায় মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ নভেম্বর ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ নভেম্বর ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন
সরকারি হাসপাতালের দেয়ালে পানের পিক, পরিচ্ছন্নতা রক্ষায় মৌলভীবাজার সদর হাসপাতালে অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি:

সরকারি হাসপাতালের দেয়াল ও বিভিন্ন স্থানে পানের পিক ফেলে পরিবেশ নোংরা করার ঘটনায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করা হয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।


হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাসেবার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান-সুপারি খাওয়া থেকে বিরত থাকার জন্য নিয়মিত মাইকিং করে সচেতন করা হচ্ছিল। তবে সতর্ক করার পরও কিছু রোগী ও তাঁদের স্বজনেরা হাসপাতালে পান-সুপারি খাওয়া অব্যাহত রাখেন। পরে বিভিন্ন স্থানে পানের পিক ও চুন ফেলে হাসপাতালের দেয়াল ও পরিবেশ নোংরা করেন। এতে অন্যান্য রোগী ও সেবাগ্রহীতাদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।


এ পরিস্থিতিতে হাসপাতালের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় হাসপাতাল প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে হাসপাতালে পান-সুপারি সঙ্গে না আনার বিষয়ে রোগী ও তাঁদের স্বজনদের সতর্ক করা হয়।


মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে রোগী ও তাঁদের স্বজনদের পান-সুপারি না খাওয়ার বিষয়ে একাধিকবার সচেতন করা হয়েছে। কিন্তু বারবার বলার পরও অনেকে সচেতন না হওয়ায় অভিযান চালাতে হয়েছে।


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীবান্ধব পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19087
Page of