সিলেটে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের ব্যাপক কর্মসূচি ঘোষণা, থাকছে তিন দিনব্যাপী বিজয়মেলা
সিলেট :
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জাতীয় চেতনায় উদযাপনের লক্ষ্যে সিলেটে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। দিবস দুটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং তিন দিনব্যাপী বিজয়মেলার আয়োজন করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে জাতীয় মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনায় দিবস দুটি উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী সিলেটের সব আঞ্চলিক পত্রিকায় প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে।
বিজয় দিবসের দিন সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লের আয়োজন থাকবে।
দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী বিজয়মেলার আয়োজন করা হবে। মেলায় চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা তুলে ধরতে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরবরাহ করা প্রামাণ্যচিত্র জেলার বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।
বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, শিশু পরিবার, সরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, ভবঘুরে ও পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র এবং শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা রাখা হবে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজসজ্জা করা হবে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯টায় শহীদ মিনার-সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এ ছাড়া সুবিধাজনক সময়ে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, সিলেট সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ খান, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ এবং দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।