logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১১ নভেম্বর ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গণপিটুনিতে যুবকের মৃত্যু

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন
খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গণপিটুনিতে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্কঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তল দেখিয়ে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দুই ব্যক্তি। পরে ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে পালানোর চেষ্টা করে তারা।


হেনা ত্রিপুরার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে মো. রফিক (২৩) নামে একজনকে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সহযোগী মো. আকাশ (২৪) একটি স্বর্ণের আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।


পরে আটক রফিককে স্থানীয় লোকজন মারধর করলে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, রাত ৮টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।


পুলিশ জানায়, নিহত রফিকের বাড়ি বাঙ্গালহালিয়া ইউনিয়নের আবাসিক মুসলিম পাড়ায়। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। অপর অভিযুক্ত আকাশ একই ইউনিয়নের সুফিপুর গ্রামের মোহাম্মদ আলী করিমের ছেলে। তার বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় দায়ের করা একটি চুরির মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এদিকে খেলনা পিস্তল ব্যবহার করে বাড়িতে লুটপাট এবং আটক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18858
Page of