logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৮ নভেম্বর ২০২৬ ০২:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ০২:৫১ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।


শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীরচর বাজারের নতুন মার্কেট মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কালনীরচর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী এলাইছ মিয়া ও একই গ্রামের কাজল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাজমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।


সংঘর্ষে গুরুতর আহতরা হলেন—কালনীরচর গ্রামের এলাইছ মিয়া (৫০), ছানা মিয়া (৪০), আশারকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত আলী (৪২), কাজল মিয়া (৫৩) ও লিচু মিয়া (৬০)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18756
Page of